যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিতে রউফের সতীর্থ হচ্ছেন অশ্বিন
ছবি: সংগৃহীত
১২:৫৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টের চতুর্থ আসরে তিনি যোগ দিচ্ছেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলে, যেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফকে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী দুই দেশের এই দুই তারকার একই দলে খেলা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
অশ্বিন গত ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং ২০২৫ সালের আইপিএল মৌসুম শেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটকেও বিদায় জানান। ফলে অবসরের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ। অভিজ্ঞ এই অফ-স্পিনার শেষদিকে হাঁটুর চোটে ভুগছিলেন, যার কারণে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ লিগে সিডনি থান্ডার্সের হয়ে খেলার সুযোগ পাননি। সেই দুঃসময় কাটিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি, যা ভক্তদের জন্য বড় স্বস্তির খবর।
এদিকে মেজর লিগ ক্রিকেটে আইপিএলের প্রভাবও দিন দিন বাড়ছে। টুর্নামেন্টের ছয়টি দলের মধ্যে তিনটি দল সরাসরি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছে। এমআই নিউইয়র্কের পেছনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, টেক্সাস সুপার কিংসের সঙ্গে যুক্ত চেন্নাই সুপার কিংস এবং লস এনজেলেস নাইটরাইডার্সের মালিকানা কলকাতা নাইট রাইডার্সের। ফলে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা এখন এই লিগে অংশ নিতে আগ্রহী হচ্ছেন।

২০২৬ মৌসুমের মেজর লিগ ক্রিকেট শুরু হবে আগামী ১৮ জুন। যুক্তরাষ্ট্রের টেক্সাস, লস অ্যাঞ্জেলেস এবং ওকল্যান্ড এই তিন ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই ওকল্যান্ড কলিসিয়ামে।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলটি এখনো পর্যন্ত শিরোপার দেখা পায়নি। ২০২৪ সালে রানার্সআপ হওয়াই তাদের সেরা সাফল্য। এবার অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার এবং রউফের মতো গতিময় পেসারের সংযোজন দলটিকে নতুন শক্তি জোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে আসন্ন আসরে দলটি শিরোপার লড়াইয়ে কতটা এগোতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
এসকে/এসএন