© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির অবৈধ নিয়োগ ও দুর্নীতির চিত্র সামনে আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বিসিবির অবৈধ নিয়োগ ও দুর্নীতির চিত্র সামনে আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ২৯ মার্চ, ২০২৬
আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে।

আমিনুল বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, তদন্তে দোষী প্রমাণিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিসিবির সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে কি না। তিনি অভিযোগ করেন, আগের সরকার আমলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ও অযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছিল।

জবাবে আমিনুল হক বলেন, পূর্ববর্তী সরকার আমলে ক্রিকেটসহ ক্রীড়া খাত ব্যাপকভাবে রাজনীতিকরণের শিকার হয়েছিল, যার ফলে দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা দেখা দেয়। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়া খাতকে রাজনীতিমুক্ত করতে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিসিবির কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ নিয়ে উদ্বেগের বিষয় তার নজরে এসেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে চলমান তদন্তের তথ্য চাওয়া হবে, যাতে বিষয়টি জনসমক্ষে স্বচ্ছভাবে উপস্থাপন করা যায়।

আইকে/টিএ

মন্তব্য করুন