‘ভুল তথ্য’ ছড়ানোয় ভারতীয় মিডিয়ার ওপর ক্ষুব্ধ স্টার্ক
ছবি: সংগৃহীত
১০:২৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালস শিবিরে দেরিতে যোগ দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ককে নিয়ে ভারতীয় মিডিয়ায় রীতিমতো সামলোচনা হয়। না জেনে সমালোচনা করার কারণে ভারতীয় মিডিয়ার ওপর ক্ষুব্ধ স্টার্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টার্ক জানান, তিনি বর্তমানে কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি লেখেন, ‘তারা আমার আইপিএলে অংশগ্রহণ নিয়ে কড়া মন্তব্য করেছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। মনে হচ্ছে, তারা আমার শরীর সম্পর্কে আমার চেয়েও বেশি জানে!’

স্টার্কের এই কঠিন সময়ে সমালোচকদের জবাব দিয়েছেন তার স্ত্রী ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, স্টার্ক বর্তমানে চোটে ভুগছেন এবং বোলিং করার মতো অবস্থায় নেই। নিলামে ১১.৭৫ কোটি রুপিতে কেনা স্টার্ককে শুরুতে না পাওয়ায় পাওয়ারপ্লের বোলিং পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনাপত্তিপত্র (এনওসি) ও মেডিকেল ক্লিয়ারেন্স পেলেই তিনি ভারতে যাবেন।
প্রসঙ্গত, ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া স্টার্কের বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, টি-টোয়েন্টি থেকে অবসরের পরও স্টার্কের দেরি করার পেছনে আসন্ন টেস্ট সিরিজকে ক্রিকেট অস্ট্রেলিয়ার অগ্রাধিকার দেওয়াই হয়তো মূল কারণ।
আরআই/টিএ