ইয়ুথ লিগের সূচি ঘোষণা করলো বিসিবি
ছবি: সংগৃহীত
১১:৪৭ পিএম | ২৯ মার্চ, ২০২৬
সাদা পোশাকের লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করেছে বিসিবি। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট চারটি দল। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে, আর সব ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই শিরোপা জিতবে। লিগের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের একাডেমি গ্রাউন্ড ও মূল ভেন্যুতে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়ুথ ক্রিকেট লিগের সূচি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতাকে চারটি আঞ্চলিক দলে ভাগ করা হয়েছে। ঢাকা ও ঢাকা মেট্রোকে নিয়ে গঠিত হয়েছে সেন্ট্রাল জোন (মধ্যাঞ্চল)। চট্টগ্রাম ও সিলেট বিভাগ মিলিয়ে তৈরি করা হয়েছে ইস্ট জোন (পূর্বাঞ্চল)। রাজশাহী ও রংপুর বিভাগকে নিয়ে গঠন করা হয়েছে নর্থ জোন (উত্তরাঞ্চল)। আর বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে তৈরি হয়েছে সাউথ জোন (দক্ষিণাঞ্চল)।
শনিবার (২৮ মার্চ) কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে রিপোর্ট করেছেন চার দলের ক্রিকেটাররা। রোববার (২৯ মার্চ) একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

সূচি অনুযায়ী, ৩০ মার্চ মূল ভেন্যুতে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। একই দিনে একাডেমি মাঠে নামবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। প্রথম রাউন্ডের খেলা শেষ হলে ৩ এপ্রিল থাকছে বিশ্রাম, আর ৪ এপ্রিল আবার অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা।
লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ৫ এপ্রিল। সেদিন কক্সবাজারের মূল ভেন্যুতে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। একই দিনে একাডেমি মাঠে লড়বে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হলে ৯ এপ্রিল থাকবে বিশ্রাম। এরপর ১০ এপ্রিল আবার অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। ১১ এপ্রিল শুরু হবে তৃতীয় রাউন্ড, যেখানে মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। আর একাডেমি মাঠে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
টিজে/টিএ