যুক্তরাষ্ট্রে গেলে হারিয়ে যাবেন সালাহ: মিশর জাতীয় দলের পরিচালক
ছবি: সংগৃহীত
০৫:৫৩ পিএম | ৩০ মার্চ, ২০২৬
লিভারপুলের সাথে দীর্ঘ ৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাহ। মৌসুম শেষে অলরেডদের এই প্রাণভোমরা কোথায় যাচ্ছেন, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে আলোচনা। এমতাবস্থায় সালাহকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান।
ইব্রাহিম হাসান মনে করেন, ৩৩ বছর বয়সী সালাহর এখনো ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার সক্ষমতা আছে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সে ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ বা ইতালিয়ান ক্লাবের প্রস্তাবের কথা শুনছি। যুক্তরাষ্ট্রে গেলে তাকে আর কেউ মনে রাখবে না। এমনকি মেসি সেখানে যাওয়ার পর আমি তার খেলা দেখার চেষ্টাও করি না।’

ইউরোপে যদি শেষ পর্যন্ত সালাহর থাকা না হয়, তবে ইব্রাহিম হাসানের দৃষ্টিতে সৌদি প্রো লিগ হবে সেরা বিকল্প। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকাদের উপস্থিতিতে সৌদি লিগ এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা সালাহর জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
এদিকে সালাহকে পেতে মুখিয়ে আছে এমএলএস-এর নতুন দল সান ডিয়েগো এফসি। ক্লাবটির মিশরীয় বংশোদ্ভূত মালিক মোহাম্মদ মনসুর সালাহকে তার দলের জন্য বড় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। মনসুর সরাসরি সালাহকে প্রস্তাব দিয়েছেন কি না তা খোলসা না করলেও জানিয়েছেন, একজন মিশরীয় হিসেবে সালাহর জন্য তিনি গর্বিত এবং সালাহ যে দলেই যাবেন, সেখানকার লিগের মান বাড়িয়ে দেবেন।
বর্তমানে ইনজুরির কারণে মিশরের জাতীয় দলের ক্যাম্পের বাইরে আছেন সালাহ। সালাহকে ছাড়াই মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সাথে গ্রুপ ‘জি’তে লড়বে মিশর।
আরআই/টিএ