© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপ্রিলে আসছে রোনালদিনহোর বায়োপিক, থাকছেন মেসি-নেইমারও

শেয়ার করুন:
এপ্রিলে আসছে রোনালদিনহোর বায়োপিক, থাকছেন মেসি-নেইমারও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় জীবন নিয়ে নির্মিত বিশেষ ডকুমেন্টারি সিরিজ 'রোনালদিনহো: দ্য ওয়ান অ্যান্ড অনলি'। আগামী এপ্রিল মাসের ১৬ তারিখে বিশ্বজুড়ে একযোগে এটি মুক্তি পাবে।

রোনালদিনহোর এই বায়োপিকের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে সমসাময়িক ফুটবল মহাতারকাদের উপস্থিতি। বার্সেলোনায় থাকাকালীন লিওনেল মেসির বড় ভাই এবং মেন্টর হয়ে ওঠার সেই আবেগঘন দিনগুলোর কথা উঠে আসবে খোদ মেসির মুখেই। এছাড়া ব্রাজিলীয় উত্তরসূরি নেইমার জুনিয়রও থাকছেন বিশেষ স্মৃতিচারণে। তাদের পাশাপাশি মাঠ কাঁপানো সতীর্থ রবার্তো কার্লোস এবং কার্লেস পুয়োলকেও দেখা যাবে এই ডকুমেন্টরিতে।



রোনালদো ডি আসিস মোরেইরা- বিশ্ব যাকে রোনালদিনহো নামে চেনে। তার শৈশব থেকে শুরু করে বার্সেলোনা, পিএসজি ও এসি মিলানের সোনালী সময়গুলো এই ডকুমেন্টরিতে ফ্রেমবন্দি করা হয়েছে। এতে দেখা যাবে তার ২০০২ বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালন ডি'অর জয়ের নেপথ্যের অপ্রকাশিত সব ফুটেজ। কেবল মাঠের ফুটবল নয়, বরং গ্ল্যামার আর খ্যাতির আড়ালে থাকা মানুষটিকে তুলে ধরাই এই প্রডাকশনের মূল লক্ষ্য।

নেটফ্লিক্স জানিয়েছে, এটি মূলত ব্রাজিলের ফুটবল ঐতিহ্য নিয়ে এটি তাদের একটি বিশেষ তিন পর্বের সিরিজের প্রথম অংশ।

এরপর আসবে আরও দুটি পর্ব। সিরিজের দ্বিতীয় পর্বে নাম থাকবে ‘টেট্রা: আক্ৰেদিতার দে নোভো।’ যা সাজানো হয়েছে ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর শিরোপা জয়ের গল্প দিয়ে। যেখানে দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে সেলেসাওদের বিশ্বজয়ের নেপথ্য কাহিনী উঠে আসবে।

আর শেষ পর্বে থাকছে ‘ভার্জিয়া: ফুটবলের শিকড়’, যা মূলত ব্রাজিলের অলিগলি আর গ্রামীণ ফুটবল থেকে উঠে আসা বিশ্বসেরা সব প্রতিভার গল্প এবং ফুটবলের প্রতি দেশটির সাধারণ মানুষের চিরন্তন আবেগের এক জীবন্ত চিত্রায়ন।

এমআই/টিএ

মন্তব্য করুন