বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
১১:৩৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
শীর্ষ তারকারা আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত। তাই নিউজিল্যান্ড যে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে, তা অনুমিতই ছিল। স্কোয়াড ঘোষণার পর সেই অনুমান মিলে গেল।
টম ল্যাথামের নেতৃত্বে এক ঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি) আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। তাদের প্রত্যাবর্তনে সন্তুষ্ট নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেছেন, ‘ও’রুর্ক, টিকনার ও ফিশার দলে ফেরার জন্য গত কয়েক মাস কঠিন পরিশ্রম করেছে। তাদের ফেরা আমাদের জন্য দারুণ ব্যাপার।’

তিন পেসারের পাশাপাশি দলে ফিরেছেন ডিন ফক্সক্রফট। এই অফ স্পিন অলরাউন্ডার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষে মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স বাংলাদেশে মূল দলে যোগ দেবেন।
আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল কিউইদের ঢাকায় পৌঁছানোর কথা।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
এসএস/টিএ