নির্দোষ প্রমাণিত হলেও বড় অঙ্কের জরিমানা গুনলেন শাহিন
ছবি: সংগৃহীত
০৮:৩৩ এএম | ৩১ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগ জয় দিয়ে শুরু করলেও বিতর্কিত কাণ্ডে জেরবার লাহোর কালান্দার্স। দলে বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত ব্যাটার ফখর জামান। তারপর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বিদেশি তারকা সিকান্দার রাজার বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগ ওঠে। অনুমতি ছাড়াই চারজন বহিরাগতকে মধ্যরাতে জোরপূর্বক খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান দুজনে। পরে জিম্বাবুয়ান ব্যাটার সাংবাদিকদের জানান, এই ঘটনায় শাহিনের কোনো সম্পৃক্ততা নেই। ওই চার ব্যক্তি ছিল তার আত্মীয়। রাজার বক্তব্যে নির্দোষ হলেও শাস্তি পেলেন অধিনায়ক।
কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘শৃঙ্খলা বজায় রাখতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে’ তারা তাদের অধিনায়ককে জরিমানা করেছে। ১০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে শাহিনকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে চার লাখ টাকা (৪ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা)। একই প্রোটোকল ভাঙার দায়ে রাজাকে পুলিশ অভিযুক্ত করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফ্র্যাঞ্চাইজি।

পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, গত শনিবার রাতে রাজার পরিচিত চারজন ব্যক্তিকে খেলোয়াড়দের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পিসিবির সিকিউরিটি ম্যানেজার এবং পিএসএল সিইও নিরাপত্তা নিশ্চিত করতে এই অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেন। কিন্তু অভিযোগ উঠেছে, শাহিন ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চার ব্যক্তিকে জোরপূর্বক হোটেলের রুমে নিয়ে যান এবং তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।
কালান্দার্স ঘটনার বিস্তৃত বিবরণ স্বীকার করলেও বিবৃতিতে বলেছে, ঘটনা জনসমক্ষে অতিরঞ্জিত করা হয়েছে এবং মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে বড় করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে গুরুতর করে তোলা হয়েছে।
আরআই/এসএন