অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রী হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
১১:৪৪ এএম | ৩১ মার্চ, ২০২৬
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমু অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বাবার বাড়ি হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে রাত ৮টার দিকে তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক হাকিমপুরে বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন।
আত্মহত্যার চেষ্টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে একটি স্ট্যাটাস দেন খাদিজা। সেখানে তিনি লেখেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’
তার ব্যক্তিগত আইডিতে দেয়া ওই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই পোস্টে তিনি তার মানসিক চাপ ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি, স্ট্যাটাসে তিনি তার স্বামীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন বলেও জানা গেছে।
সোমবার সন্ধ্যায় জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউর সামনে শিবলী সাদিকের মাসহ নিকটাত্মীয়দের ভিড় করতে দেখা যায়। জিয়া হার্ট ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুর রহমান পিন্টু জানান, ডা. তমালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা মল্লিক শিমু এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসকে/এসএন