রাজস্থান আমাদের উড়িয়ে দিয়েছে: হাসি
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এখন ২৫০, এমনকি ৩০০ এর কাছাকাছি রানও বেশ স্বাভাবিক ঘটনা। নতুন মৌসুমের শুরুটাও হয়েছিলো রান উৎসবের মাধ্যমে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি নিজ দলের ব্যর্থতা মেনে নিচ্ছেন, স্বীকার করে নিয়েছেন প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন তার শিষ্যরা।
মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানের সামনে দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। কদিন আগেই ভারতকে বিশ্বকাপ জেতানো সাঞ্জু স্যামসন, শিভম দুবেদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ মাত্র ১২৭ রানেই অলআউট হয়।

সেই রান ৪৭ বল আর আট উইকেট হাতে রেখেই টপকে যায় রাজস্থান। রান উৎসবের আইপিএলে চেন্নাইয়ের এমন ব্যাটিং ব্যর্থতা দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখান থেকে নিজেদের শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে চান হাসি।
অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, 'তারা আমাদের উড়িয়ে দিয়েছে। পিচে কিছু মুভমেন্ট ছিলো। আমার মনে হয় আমাদের ব্যাটাররা এর সাথে মানিয়ে নিতে পারেনি। হয়তো আমরা একটু ভিন্নভাবে খেলতে পারতাম। কিন্তু অন্য কোনো দিনে সেটাই কাজ করে যেতে পারে এবং ম্যাচের গতি বদলে দিতে পারে।'
চেন্নাইয়ের এই কোচ এখনই স্যামসনদের ওপর আস্থা হারাতে চান না, 'আমি চাই তারা স্পষ্ট মানসিকতা এবং পরিষ্কার পরিকল্পনা নিয়ে ক্রিজে আসুক, কীভাবে খেলবে সেটা ঠিক করে, দ্রুত পরিস্থিতি বুঝে নিয়ে নিজের ওপর ভরসা রাখুক। কাজ করলে ভালো, না করলে সেটাই ক্রিকেটের অংশ। তাই আমি চাই না এই পারফরম্যান্স আমাদের দলে কোনো সন্দেহ বা ভয় তৈরি করুক।'
টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছিলো চেন্নাই। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর অংশ থেকে ছিটকে গেছেন চেন্নাইকে পাঁচটি আইপিএল শিরোপা জেতানো মহেন্দ্র সিং ধোনি। সেই ধাক্কার সাথে প্রথম ম্যাচেই এমন প্রতিপক্ষের কাছে এমন নাস্তানাবুদ হওয়াটা চেন্নাইয়ের জন্য আরো কঠিন করে তুললো টুর্নামেন্টের বাকি পথটা।
আরআই/এসএন