বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে জার্মানির কাছে হেরে কোচকে বরখাস্ত করল ঘানা
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ৩১ মার্চ, ২০২৬
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করেছে তারা।
সোমবার (৩০ মার্চ) স্টুটগার্টে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জার্মানির বিপক্ষে খেলতে নামে ঘানা। তার আগে ইউরোপ সফরে গিয়ে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলের বড় হারও সয়েছে ব্ল্যাক স্টাররা। টানা হতাশাজনক পারফরম্যান্সের পরই কঠোর এই সিদ্ধান্ত নেয় জিএফএ।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে দলের প্রতি তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানানো হয়।

২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর আডোর অধীনে ঘানা ২২ ম্যাচে মাত্র ৮টি জয় পায়, হারে ৯টি ম্যাচে। তার কোচিংয়ে দলটি ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন)- এও জায়গা করে নিতে ব্যর্থ হয়, যা তার অবস্থানকে আরও দুর্বল করে তোলে।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও দলের দায়িত্বে ছিলেন আডো। সে আসরে দক্ষিণ কোরিয়াকে হারালেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ঘানা।
এসকে/এসএন