মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্যানসার ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ৩১ মার্চ, ২০২৬
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের অন্যতম বৃহৎ এবং বিশেষায়িত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পায়াব রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জাভেদ জারিফ।
ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA) জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির নাম তৌফিক দারু ইঞ্জিনিয়ারিং রিসার্চ কোম্পানি, যা মূলত ক্যানসার-বিরোধী, চেতনানাশক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী বিশেষায়িত ওষুধ উৎপাদনের জন্য দেশটিতে সমাদৃত। এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জাভেদ জারিফ।
তিনি বলেন, নিজেদের পৈশাচিক কল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়ে হতাশ হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করেছে।
তিনি আরও জানান, দীর্ঘ এক মাস ধরে চলা অমানবিক যুদ্ধাপরাধের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) তৌফিক দারু ইঞ্জিনিয়ারিং রিসার্চ কোম্পানির ওপর এ হামলা চালানো হলো। সাধারণ মানুষের চিকিৎসা ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা খাতের ওপর এমন আঘাতকে তিনি হামলাকারীদের চরম হতাশা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন।
তথ্যসূত্র: আলজাজিরা