পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল জামশিদ এশাগি নিহত
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ইসরায়েলের হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এশাগি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর আলজাজিরার।
মঙ্গলবার (৩১ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ওই হামলায় জেনারেল এশাগির সঙ্গে তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।
তবে হামলার স্থান, সময় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে ইরানের গণমাধ্যম ও সামরিক সূত্রগুলো ইসরায়েলকেই এ হামলার জন্য দায়ী করছে।
এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরির নিহত হন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, গুরুতর আঘাতের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।
কয়েক দিন ধরে ইরানের বিভিন্ন প্রদেশে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর আগে ইসফাহান প্রদেশে সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।
টিএ/