ডেনমার্ককে কাঁদিয়ে ২০ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত চেক প্রজাতন্ত্রের
ছবি: সংগৃহীত
০৫:২৯ এএম | ০১ এপ্রিল, ২০২৬
দুই দশকের দীর্ঘ প্রতীক্ষা আর মাঠের লড়াই শেষে অবশেষে বিশ্বমঞ্চে ফিরছে চেক প্রজাতন্ত্র। প্রাগের জেনেরেট অ্যারেনায় ১৯,০০০ দর্শকের উপস্থিতিতে ডেনমার্ককে পেনাল্টি শ্যুটআউটে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মিরোস্লাভ কুবেকের শিষ্যরা। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা ২-২ সমতায় থাকার পর টাইব্রেকার ভাগ্যে জিতে যায় চেক প্রজাতন্ত্র।
খেলার শুরুতেই চেক প্রজাতন্ত্রকে লিড এনে দেন পাভেল সুলচ। ম্যাচের তৃতীয় মিনিটেই তার করা গোলে গ্যালারিতে সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। তবে ৭২তম মিনিটে ইয়াকিম অ্যান্ডারসনের গোলে সমতায় ফেরে ডেনমার্ক। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১০০তম মিনিটে লাডিস্লাভ ক্রেচ চেক প্রজাতন্ত্রকে আবারও এগিয়ে নিলেও ১১১ মিনিটে ক্যাসপার হগের গোলে নাটকীয়ভাবে সমতা ফেরায় ডেনিশরা।

নির্ধারিত ১২০ মিনিট শেষে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডেনমার্কের হয়ে গোল করতে ব্যর্থ হন রাসমাস হজলুন্ড, অ্যান্ডার্স ড্রেয়ার এবং ম্যাথিয়াস জেনসেন। একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসন।
অন্যদিকে, পেনাল্টিতে চেক প্রজাতন্ত্রের হয়ে গোল করেন থমাস ছোরি, থমাস সোওচেক, লাডিস্লাভ ক্রেচ এবং মিচেল সাডিলেক।
এর আগে প্লে-অফের সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করেছিল চেক প্রজাতন্ত্র।
এরপর টাইব্রেকারে জিতেছিল চেক প্রজাতন্ত্র। টানা দুই ম্যাচে পেনাল্টি নাটকে জয়ী হয়ে তারা এখন সরাসরি যাচ্ছে মেক্সিকোয়। সেখানে গ্রুপ ‘এ’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ মেক্সিকো।
এমআর/টিএ