© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিল জাপান

শেয়ার করুন:
প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিল জাপান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ এএম | ০১ এপ্রিল, ২০২৬
অনুশীলনে চোট পেয়ে শেষ মুহূর্তে ছিটকে গেলেন হ্যারি কেইন। দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ডের শূন্যতা পূরণ করতে পারলেন না কেউ। পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। বিশ্বকাপের আগে দারুণ এক জয়ের আনন্দে ভাসল জাপান।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চার দিনের মধ্যে আরেকবার হতাশাজনক ফুটবল খেলল স্বাগতিকরা। প্রীতি ম্যাচে তাদেরকে ১-০ গোলে হারিয়ে দিল জাপান। 

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে একটিও জিততে পারল না টমাস টুখেলের দল। গত শুক্রবার এই মাঠেই উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করে তারা।



অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টায় থাকলেও, লক্ষ্যে শট রাখতে পারছিল না ইংল্যান্ড। এর মাঝে ২৩তম মিনিটে ছোট্ট এক ভুল করে বসেন কোল পামার এবং সেখান থেকে পিছিয়ে পড়ে তারা।

চেলসি উইঙ্গারের পা থেকে বল কেড়ে নিয়ে প্রতি-আক্রমণে ওঠে সফরকারীরা এবং সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন মিতোমা। গোলের জন্য জাপানের এটাই ছিল প্রথম শট।

সময়ের সঙ্গে ইংল্যান্ডের ধার আরও কমে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোলও খেতে বসেছিল তারা। তবে এই যাত্রায় রিতসু দোয়ানের শট আটকে ব্যবধান বাড়তে দেননি জর্ডান পিকফোর্ড।

কেইনের শূন্যতায় ইংল্যান্ড কোচ ‘ফলস নাইন’ হিসেবে যাকে খেলান, সেই ফিল ফোডেন উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। তাকে ও পামারসহ ৫৯তম মিনিটে একসঙ্গে চারটি পরিবর্তন করেন টুখেল।

বাকি সময়ে গোলের জন্য আরও অনেকবার শট ঠিকই নেয় ইংল্যান্ড; কিন্তু খুব কম সময়ই প্রতিপক্ষকে সত্যিকারের পরীক্ষায় ফেলতে পেরেছে তারা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারির একাংশের নিজেদের সমর্থকদের থেকেই দুয়ো শুনতে হয় ইংল্যান্ড দলকে।

ইংল্যান্ডের বিপক্ষে চারবারের দেখায় এই প্রথম জিততে পারল জাপান। আর ফিফা র‍্যাঙ্কিংয়ের চার নম্বর দলটি টমাস টুখেলের কোচিংয়ে ১২ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল।

এমআর/টিএ 

মন্তব্য করুন