চুক্তি করতে হবে না, বললেন ট্রাম্প / ইরানকে যখন প্রস্তর যুগে পাঠানো হবে তখন যুদ্ধ এমনেই শেষ হবে
ছবি: সংগৃহীত
০৭:৫৭ এএম | ০১ এপ্রিল, ২০২৬
যুদ্ধ শেষ করতে ইরানকে কোনো ধরনের চুক্তিতে রাজি হতে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যখন প্রস্তর যুগে পাঠানো হবে এবং তাদের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না তখন যুদ্ধ এমনিই শেষ হয়ে যাবে বলে দাবি করেন ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউজের ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না তাদের (ইরানের) কোনো চুক্তি করতে হবে না। আমরা যখন মনে করব… তাদের প্রস্তর যুগে পাঠানো হয়েছে এবং পারমাণবিক বোমা নিয়ে আসতে পারবে না। তখন আমরা এমনিতেই চলে যাব, চুক্তি হোক আর না হোক। (চুক্তির বিষয়টি) এখন অপ্রাসঙ্গিক।”
তবে ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ সেনাদের সরিয়ে নিয়েও ইরান এটি মানবে কি না তা অস্পষ্ট।
ট্রাম্প আবার পরক্ষণেই বলেন, ইরান তাদের সঙ্গে চুক্তি করতে চায়। যদিও ইরান প্রকাশ্যে একাধিকবার বলেছে তারা এবার কোনো যুদ্ধবিরতি নয়, একেবারে যুদ্ধ বন্ধ চায়।
ট্রাম্প বলেন, “চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা আমার চেয়েও বেশি চুক্তি চায়। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সামরিক অভিযান শেষ হবে এবং তাদের বহু বছর পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না।”
“কিন্তু দীর্ঘ সময় পর তারা হয়ত পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু (তখন) আমার মতো একজন প্রেসিডেন্ট থাকবেন, যিনি ইরানে যাবেন এবং তাদের আবারও উড়িয়ে দেবেন।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
টিজে/এসএন