ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবাই নিহত
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ০১ এপ্রিল, ২০২৬
কৃষ্ণসাগর সংলগ্ন উপদ্বীপ ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৯ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) ভোরে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কো সময় সন্ধ্যা ৬টার দিকে এন-২৬ (An-26) মডেলের ওই সামরিক বিমানটির সাথে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নির্ধারিত ফ্লাইটে থাকা বিমানটি ক্রিমিয়ার একটি পাহাড়ের গায়ে আছড়ে পড়ে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যানটোনভ বা এন-২৬ মডেলের এই বিমানগুলো ১৯৬০-এর দশকের শেষভাগ থেকে সার্ভিসে রয়েছে। সামরিক পণ্য ও যাত্রী পরিবহনের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক এয়ারলাইন্সও এটি ব্যবহার করে থাকে। তবে গত এক দশকে এই মডেলের বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার রেকর্ড রয়েছে- ২০২২ সালে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি এন-২৬ বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। ২০২০ সালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণের সময় বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন। ২০২০ সালে দক্ষিণ সুদানে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ রুশ নাগরিকসহ ৮ জন প্রাণ হারান। এছাড়া ২০১৭ সালে পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে অবতরণের সময় দুর্ঘটনায় ৪ জন নিহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে।
সূত্র: দ্যা গার্ডিয়ান
টিজে/এসএন