কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের হামলা
ছবি: সংগৃহীত
০২:০৫ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (১ এপ্রিল) সকালে এ হামলা হয়।
কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এরমধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে। হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল। হামলার সময় এতে ২১ জন ক্রু ছিলেন। যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কাতার এনার্জি পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে ‘কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায়’ মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং পরিবেশেও এর কোনো প্রভাব- অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।
বুধবার (১ এপ্রিল) ছোড়া এ মিসাইলের বোমা সরাসরি বেনি ব্রাকের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। আর ১১ জন সামান্য আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
আরআই/এসএন