রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে লোহা গালানোর সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ (১ এপ্রিল) বুধবার সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস সংলগ্ন 'আরআরএম স্টিল মিলে' এই দুর্ঘটনা ঘটে। এতে কারখানায় কর্মরত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধ শ্রমিকরা হলেন, মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত শ্রমিকদের ভাষ্যমতে, সকালে তারা কারখানার বয়লারে লোহা গালানোর কাজ করছিলেন। লোহা গলানোর প্রক্রিয়ায় ভালো লোহার সঙ্গে কোনো নিম্নমানের বা 'খারাপ লোহা মিশ্রিত অবস্থায় বয়লারে দেওয়ায় এই বিস্ফোরণ ঘটে। এসময় উত্তপ্ত তরল লোহা ছিটকে এসে তাদের শরীরে পড়লে তারা গুরুতর দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার তীব্রতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে মানিকের শরীরের ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া অন্যান্য শ্রমিকদের শরীরের ৪ থেকে ১১ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হিরাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ৬ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আইকে/টিএ