১৫-২০ মিনিটের মধ্যে মিলছে লাগেজ, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে একটি গোষ্ঠী: বিমানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:২৯ এএম | ০৩ অক্টোবর, ২০২৬
বিমানবন্দরে কোনো ধরনের ভোগান্তি নেই এবং উড়োজাহাজ থেকে নামার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাত্রীরা লাগেজ পেয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নমূলক অর্জন ঢেকে দিতে ও অস্বস্তি তৈরি করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ও দলের লোক বিমানবন্দরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে বিমানমন্ত্রী সরাসরি ব্যাগেজ বেল্ট এলাকায় যান এবং ব্যাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কতক্ষণ সময় লাগছে এবং সামগ্রিক সেবার মান কেমন—যাত্রীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানতে চান। এ সময় যাত্রীরা দ্রুততম সময়ে ব্যাগেজ পাওয়ায় এবং বর্তমান ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "বিমানবন্দরে এখন কোনো ভোগান্তি নেই। গড়ে ১৫-২০ মিনিটের মধ্যেই যাত্রীরা লাগেজ পেয়ে যাচ্ছেন। তবে সরকারের এই স্বস্তি ও সফলতা দেখতে চায় না একটি বিশেষ গোষ্ঠী। একটি দলের লোক অহেতুক বিশৃঙ্খলা তৈরি করে সরকারের ভালো কাজগুলোকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে।"
মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ