© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী

শেয়ার করুন:
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ এএম | ০৩ অক্টোবর, ২০২৬
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে।

তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের কোনো স্থান থাকবে না। পড়াশোনার পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা পরিবার ও সমাজের জন্য ভূমিকা রাখতে পারেন।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের সহযোগিতা নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ করার চেষ্টা হলে জনগণের সহযোগিতা নিয়ে তা প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা একযোগে কাজ করে বাংলাদেশকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ‘সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় সামনে রেখে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শুরুতে মন্ত্রী টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। খেলাটি সুন্দরভাবে ধারণ ও প্রচারের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ দেন তিনি।

একেএস/টিএ

মন্তব্য করুন