© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এ বছরই সরকারি প্রাথমিক স্কুলের ২ লাখ শিশু বিনামূল্যে পাবে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
এ বছরই সরকারি প্রাথমিক স্কুলের ২ লাখ শিশু বিনামূল্যে পাবে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, এক বছর ও পাঁচ বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীরের এক প্রশ্নের উত্তরে তিনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সরকারপ্রধান জানান, প্রান্তিক মানুষের সুরক্ষায় ইতোমধ্যে ১৩টি জেলার ৩৭,৮১৪টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং কৃষকদের সুরক্ষায় পাইলট প্রকল্পের আওতায় কৃষি কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষি খাতের বিভিন্ন উপখাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে।

ইশতেহারের ধর্মীয় ও সামাজিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে ৯১০২ জন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। স্বাস্থ্যসেবা আধুনিকায়নে খুলনা জেলায় ২৫ লাখ ই-হেলথ কার্ড প্রদানের একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া পানি সম্পদ ও কৃষি ব্যবস্থাপনায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে, যার মধ্যে আগামী জুন মাসের মধ্যে প্রায় ২,৭০৪ কিলোমিটার খাল খনন ও সংস্কার সম্পন্ন হবে।

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বছর বর্ষা মৌসুমে রোপণের জন্য ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে চলতি অর্থবছরে ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।

 প্রধানমন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ৪১৮টি প্রতিষ্ঠানে জুনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন