© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশুদের হাম ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

শেয়ার করুন:
শিশুদের হাম ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
দেশে শিশুদের হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিশুদের এই প্রতিরোধযোগ্য রোগের বিস্তার রোধে দ্রুত টিকাদান ও চিকিৎসার পাশাপাশি উপকূলীয় জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারা দেশেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চলছে। সরকারি হিসেবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ।’

হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বলেন, ‘সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। জ্বালানি অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না। খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা জানি এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি-রুজির ওপর আঘাত করে, তখন সরকারের উচিত তড়িৎ পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহ করতে হবে। সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে তারা নদীতে বা সাগরে যেতে না পারলে তাদের আর্থিক সংকট তীব্র হবে।’


ইউটি/টিএ

মন্তব্য করুন