ঠাকুরগাঁও-১ উপনির্বাচনমহাশত্রুরাও বলবে না অনিয়ম-অরাজকতা হয়েছে: রিজভী
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের শান্তিপূর্ণ উপ-নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচনের ব্যাপক অনিয়ম-অরাজকতা হয়েছে তা মহাশত্রুরাও বলবে না।
রিজভী বলেন, ‘কিন্তু তারা (জামায়াত) চাচ্ছে, বিএনপির অধীনে যতই অবাধ-সুষ্ঠু নির্বাচন হোক না কেন, ওই নির্বাচনকে বির্তকিত করতে হবে। মানুষের কাছে খারাপ করতে হবে। তবে কুৎসা বা মিথ্যা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যাবে না।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে নবী টাওয়ারে বিএনপির প্রয়াত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের নানা অভিযোগের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, ‘সকাল থেকে আপনি কিছু বলতে পারেননি। বেলা সাড়ে ৩টায় কেন অভিযোগ করলেন? কোথায় কী হয়েছে, কারা বাধা দিয়েছে তাদের নামসহ তথ্য-প্রমাণ দিন। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের প্রত্যাহার করা হয়েছে। এটা হতে পারে। তবে নির্বাচনের অনিয়ম নিয়ে কোনো মিডিয়া কিছু বলেনি।’
তিনি বলেন, ‘ইসলামের মুলনীতি হল ন্যায়-নীতি অনুযায়ী চলা, সরল-সোজা পথে চলা। কিন্তু আপনারা কোনোদিন সরল সোজা পথ অবলম্বন করেননি, সবসময় বাঁকা পথে গিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন। ১৯৭১, ৮৬ ও ৯৫ সালেও একই কাজ করেছেন। এখনো বাঁকা পথে গিয়ে আপনারা রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান।’
রিজভী বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে বির্তকিত করার চেষ্টা অত্যন্ত দুঃখভাগ্যজনক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে না। এসব বিভ্রান্তির মধ্যে আপনার পতিত স্বৈরাচারের পুনরুত্থানের চেষ্টা করছেন। এটা আবারও প্রমাণিত হল।’
প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জাপান থেকে ২৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ও ব্যবসাবাণিজ্য সম্প্রসারণে জাপান এবারও বেশি সহযোগিতা করেছে। বাংলাদেশে টয়োটা গাড়ির কারখানার করবে জাপান এবং ২০২৯ সালের মধ্যে উৎপাদন শুরু করার চুক্তি করেছেন। এতে ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে।’
ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।
এমআর/টিএ