ট্রাম্পের হাস্যকর কার্যকলাপে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান
ছবি: সংগৃহীত
০৮:২৩ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে 'হাস্যকর কার্যকলাপ' হিসেবে অভিহিত করে আইআরজিসি জানিয়েছে, এ গুরুত্বপূর্ণ নৌপথ কোনোভাবেই ইরানের শত্রুদের জন্য উন্মুক্ত করা হবে না।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর বর্তমানে তাদের দৃঢ় ও দাপুটে নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি এ হুঁশিয়ারির কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের রাষ্ট্রপতি তার কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। তবে এ প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি যখন পুরোপুরি 'উন্মুক্ত, বাধামুক্ত ও নিরাপদ" হবে, কেবল তখনই তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে ভাববেন।
এ গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ে দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে ইরান যেখানে নিজেদের সার্বভৌমত্ব ও সামরিক কর্তৃত্ব বজায় রাখার অঙ্গীকার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালিকে ব্যবহার করে তেহরানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তথ্যসূত্র: আলজাজিরা
আইকে/টিএ