আমি মুসলিম, আলহামদুলিল্লাহ : ইয়ামাল
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
প্রীতি ম্যাচে নিজেদের মাঠে মিশরের সঙ্গে গোলশূন্য ড্র হয়েছে স্পেন। তবে ম্যাচের প্রথমার্ধে দর্শকদের কিছু মুসলিম-বিদ্বেষী স্লোগান পরিবেশকে ছাপিয়ে যায়। ১৮ বছর বয়সী বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। “যে লাফ দেয় না সে মুসলিম” শ্লোগানটি শুনেছি। এটি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে অসম্মানজনক।’
ম্যাচ শুরুর আগে মিশরের জাতীয় সংগীত চলাকালীন স্প্যানিশ সমর্থকরা উগ্র স্লোগান দেয়। বিরতির সময় জায়ান্ট স্ক্রিনে বারবার সমর্থকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে আবারও সতর্কতা দেওয়া হলেও দর্শকদের একটি অংশ উল্টো প্রতিক্রিয়া দেখায়। ইয়ামাল উল্লেখ করেছেন, ‘ফুটবল উপভোগের খেলা; ধর্ম বা পরিচয় দিয়ে কাউকে আঘাত করা উচিত নয়।’

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন দ্রুত নিন্দা জানিয়েছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘যেকোনো বর্ণবাদ অসহনীয়। জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দেখানো সঠিক ছিল।’ ইয়ামালের সতীর্থ পেদ্রি ও জোয়ান গার্সিয়া দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। পেদ্রি বলেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ গার্সিয়া যোগ করেন, ‘বৈষম্যমূলক বার্তার আমরা সম্পূর্ণ বিরোধী।’
এবি/টিএ