দক্ষিণ লেবানন ধ্বংসের পরিকল্পনা ঠেকাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত
০৬:৩৫ এএম | ০২ এপ্রিল, ২০২৬
মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাউ (ডন) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস এবং লাখো বেসামরিক মানুষকে ঘরে ফিরতে বাধা দেওয়ার ইসরাইলের পরিকল্পনা ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ইসরাইলের “অব্যাহত দমন-পীড়ন” বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি দখল রোধ করতে বিভিন্ন দেশের উচিত অস্ত্র নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।
এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্বীকার করেছেন যে, দক্ষিণ লেবাননকে গাজা মডেলের মতো ধ্বংসস্তূপে পরিণত করা এবং এলাকা জনশূন্য করার পরিকল্পনা রয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের পদক্ষেপ “জাতিগত নির্মূলের” শামিল হতে পারে।
গত সপ্তাহে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, লিতানি নদী-যা লেবাননের অভ্যন্তরে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত-সেটিকে ইসরাইলের নতুন উত্তর সীমান্ত করা উচিত।
ডনের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক পরিচালক মাইকেল শ্যাফার ওমার-ম্যান বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের আড়ালে ইসরাইল আরও বেশি ভূখণ্ড দখলের পরিকল্পনা বাস্তবায়ন ও ত্বরান্বিত করছে, যা এবার লেবাননে লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও সতর্ক করেন, “ফিলিস্তিন ও পুরো অঞ্চলে ইসরাইলের পূর্ববর্তী কর্মকাণ্ড প্রমাণ করে, বাস্তব ও কঠোর পরিণতি ছাড়া তারা থামবে না-তাই দেরি হওয়ার আগেই রাষ্ট্রগুলোকে পদক্ষেপ নিতে হবে।”
সূত্র: আল জাজিরা
এমআর/টিএ