ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে নতুন দল, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?
ছবি: সংগৃহীত
০৭:২৯ এএম | ০২ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ফুটবলে ফিফার মার্চের উইন্ডো শেষ। বুধবার (১ এপ্রিল) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। নতুন রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
মার্চের ফিফা উইন্ডোতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে জিতে এক নম্বরে উঠে এসেছে ফরাসিরা। অবশ্য মিসরের সঙ্গে ড্র করে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে যেতে হয়েছে স্পেনকে। আর মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও এক ধাপ নেমে তিনে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করা পর জাপানের কাছে ১-০ গোলে হারলেও ফিফা র্যাঙ্কিংয়ে চার নম্বর স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে পাঁচ নম্বরে উঠেছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই উইন্ডো শেষ করলেও ষষ্ঠ স্থানে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত সপ্তাহে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরে লাইভ আপডেটে কিছু সময়ের জন্য সাতে ছিল সেলেসাওরা। তবে ইকুয়েডরের সঙ্গে নেদারল্যান্ডস ড্র করায় তারা ছয়ে ফিরেছে।
এরপর অষ্টম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। এই উইন্ডোতে ভিয়েতনামের কাছে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর র্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশ ১৮০তম স্থানে নেমে গেছে।
টিজে/এসএন