প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত
০৭:৪৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
সিলেট সিলেট বিভাগের পেট্রোল পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও চাঁদাবাজির প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মালিক সংগঠনের নেতাদের এক সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মঘট প্রত্যাহারের এই খবরটি বাংলাদেশ টাইমস-কে নিশ্চিত করেছেন এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পেট্রোল পাম্প মালিক সমিতি কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম রহমান।
অ্যাডভোকেট নাদিম রহমান বলেন, "প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে শুনেছেন এবং সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।"
বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এবং পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অযথা হয়রানি বন্ধ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে চাঁদাবাজি চলছিল। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নানা অজুহাতে পাম্পগুলোতে বড় অংকের জরিমানা করা হচ্ছিল। এরই প্রতিবাদে বুধবার রাত থেকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প, সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং এলপিজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান, সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সাবেক সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং হুমায়ুন আহমদ। এছাড়াও সাজুওয়ান আহমদ, আলী আফছার মোঃ ফাহিম, জিহাদ আহমদসহ ট্যাংক লরি ও সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ