© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, শেষ বিদায়ে সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

শেয়ার করুন:
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, শেষ বিদায়ে সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
বিয়ের সব আয়োজনই প্রায় শেষ। কেনা হয়েছিল শাড়ি, গয়না আর লাল সিঁদুর। অপেক্ষা ছিল কেবল বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিয়ের আগেই ডেঙ্গু কেড়ে নিল নার্সিং ছাত্রী বৃষ্টি ঘরামীর (২২) প্রাণ।

তবে শেষ বিদায়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বৃষ্টির নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছেন হবু বর সবুজ মণ্ডল।

রবিবার (৪ সেপ্টেম্বর) সিঁদুর পরা বৃষ্টির নিথর দেহের একটি বেদনাবিধুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা সবার চোখ ভিজিয়ে দেয়। বৃষ্টির ফেসবুক আইডি থেকে জানা যায়, মৃত্যুর দিন সকালেও তিনি বি নেগেটিভ রক্তের প্রয়োজন জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। রক্তদাতাদের এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু আর বেঁচে ফেরা হয়নি তার।

বৃষ্টি ঘরামী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের মেয়ে। তিনি গোপালগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ২০২০-২১ ব্যাচের ছাত্রী ছিলেন। পাশাপাশি ঢাকার শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টারে নার্স হিসেবে কাজ করতেন।

বৃষ্টির বড় বোন মেঘলা ঘরামী জানান, আগামী ১৬ অক্টোবর বৃষ্টির বিয়ে হওয়ার কথা ছিল। একই দিনে তার যমজ বোন বন্যা ঘরামীরও বিয়ের আয়োজন চলছিল। বিয়ের সব কেনাকাটাও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যান বৃষ্টি।

বোনকে হারানোর শোকে ভেঙে পড়ে মেঘলা বলেন, বৃষ্টির ১০৮ ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল, পরে হিট স্ট্রোক হয়। সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো বোনটাকে বাঁচানো যেত।

মৃত্যুর পর স্ত্রীর মর্যাদা দেয়ার বিষয়ে মেঘলা আরও জানান, ঢাকা থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসার সময় হবু শাশুড়ি ও সবুজ বিয়ের সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। পরে সবুজ নিথর দেহে সিঁদুর পরিয়ে বৃষ্টিকে চিরদিনের জন্য নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে শেষ বিদায় জানান।

একেএস/টিএ

মন্তব্য করুন