উগান্ডায় নার্সারি স্কুলে অস্ত্রের হামলায় ৪ শিশু নিহত
ছবি: সংগৃহীত
১১:৫৭ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
উগান্ডার রাজধানী কাম্পালার একটি নার্সারি স্কুলে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অন্তত চারজন শিশু নিহত হয়েছে। দেশটির স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পত্রিকা ডেইলি মনিটরের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, হামলাকারী গাবা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রবেশ করে উপস্থিত শিশুদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি নিজেকে অভিভাবক হিসেবে পরিচয় দিয়ে প্রথমে স্কুলের অফিসে ঢোকে। সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সে বাইরে গিয়ে স্কুলের গেট বন্ধ করে দেয় এবং ভেতরে থাকা শিশুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
উগান্ডা পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত চারজন শিশু নিহত হয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
তবে অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আরআই/টিকে