© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি, তীব্র প্রতিক্রিয়া ইরানের

শেয়ার করুন:
ট্রাম্পের ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি, তীব্র প্রতিক্রিয়া ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ইরানকে প্রস্তর যুগে পাঠানো' মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই যুদ্ধ চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র 'স্থায়ী অপমান ও আত্মসমর্পণের' মুখোমুখি হয়।

ইরানের সর্বোচ্চ সামরিক সমন্বয়ক সংস্থা খতম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরও 'শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক' হামলা চালানো হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে 'প্রস্তর যুগে পাঠিয়ে দেবে' এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সব লক্ষ্য অর্জন করবে।

জোলফাঘারি ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেন, 'আমাদের সামরিক শক্তি সম্পর্কে আপনার ধারণা অসম্পূর্ণ। আমাদের বিশাল কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনি কিছুই জানেন না।'

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবিকেও নাকচ করে দেন ইরানের এই মুখপাত্র। বলেন, 'দেশের মূল প্রতিরক্ষা অবকাঠামো, যেমন ক্ষেপণাস্ত্র উৎপাদন, দূরপাল্লার ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এখনো অক্ষত ও সক্রিয় রয়েছে'।

জোলফাঘারি বিবৃতিতে বলেন, 'আপনারা যেসব স্থাপনায় হামলা করেছেন, সেগুলো তুচ্ছ। আমাদের আসল সামরিক উৎপাদন এমন জায়গায় হয়, যা আপনারা জানেন না এবং কখনও সেখানে পৌঁছাতে পারবেন না'।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করে ইরান জানায়, তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও 'বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক' আঘাত আসবে বলেও সতর্ক করা হয়। জোলফাঘারির ভাষায়, 'এই যুদ্ধ চলবে যতক্ষণ না আপনারা স্থায়ী অপমান, অনুশোচনা ও আত্মসমর্পণের মুখোমুখি হন।'

আরআই/ এসএন

মন্তব্য করুন