ইউরোপ লিগে কত বেতন পান এমবাপ্পে,ভিনিসিয়ুস ও ইয়ামাল?
ছবি: সংগৃহীত
১২:৫০ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
বর্তমানে ইউরোপ তথা ফুটবলবিশ্বের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের এই দুই মধ্যমণির পাশপাশি বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামালও এই সময়ের ফুটবলের ‘পোস্টার বয়’। তবে বার্সার স্প্যানিশ এই তারকার চেয়ে পুরো দ্বিগুন বেশি বেতন পান রিয়ালের দুই তারকা। ইউরোপে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার এখন এমবাপে ও ভিনিসিয়ুস।
প্রতি বছরের মতোই ফরাসি সংবামাধ্যম লে’কিপ লিগ আঁ-এর পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদেরও তুলে ধরেছে। ফুটবলারদের পাশপাশি কোচদের বেতনও প্রকাশ করেছে তারা। দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনটাতে কে সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়।
লা লিগায়
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বেতনের দিক থেকে সবার ওপরে আছেন এমবাপে ও ভিনিসিয়ুস। ফরাসি এই ফরোয়ার্ডের মাসিক আয় প্রায় ২৬ লাখ ৭০ হাজার ইউরো। গত বছর ভিনির মাসে বেতন ছিল ২৫ লাখ ইউরো, এ বছরে এমবাপের সমান বেতন ব্রাজিলিয়ান সুপারস্টারের। স্পেনে তাদের ঠিক পেছনেই আছেন ডেভিড আলাবা (১৮ লাখ ইউরো), রবার্ট লেভানডফস্কি (১৭ লাখ ৩০ হাজার ইউরো), জুড বেলিংহাম ও জন ওবলাক (১৬ লাখ ৭০ হাজার ইউরো)।

বর্তমানে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি দাম যার, সেই লামিনে ইয়ামালের বেতন এমবাপে ও ভিনি থেকে অর্ধেক কম বেতন পান। ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকার বেতন ১৩ লাখ ৩০ হাজার ইউরো।
ইংলিশ প্রিমিয়ার লিগ
বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বেতন পাওয়া আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড গত বছরে প্রতি মাসে পেতেন ২৫ লাখ ৭০ হাজার ইউরো। এখন মাসে তাঁর বেতন ২৬ লাখ ৩০ হাজার ইউরো। এরপরই আছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়তে যাওয়া মিশরীয় ফরোয়ার্ডের বেতন ২০ লাখ ইউরো। এছাড়া ক্যাসেমিরো ও ভার্জিল ফন ডাইক ১৭ লাখ ৫০ হাজার করে মাসে বেতন পান।
বুন্দেসলিগা
বেতন দেওয়ায় জার্মানিতে বায়ার্ন মিউনিখের আধিপত্য চোখে পড়ার মতোই। শীর্ষ পাঁচ বেতন পাওয়া ফুটবলারই ক্লাবটির। বুন্দেসলিগায় শীর্ষে আছেন বাভারিয়ানদের দুই তারকা হ্যারি কেইন ও জামাল মুসিয়ালা। দু’জনের বেতনই ২১ লাখ ইউরো। এরপর আছেন ম্যানুয়েল নয়্যার-১৭.৫ লাখ ইউরো এবং জশুয়া কিমিচ ও দায়োত উপোমেকানো (১৬.৬ লাখ ইউরো)।
সিরি‘আ’
ইতালিতে শীর্ষে আছেন দুসান ভ্লাহোভিচ। জুভেন্টাসের সার্বিয়ান ফরোয়ার্ডের মাসিক বেতন প্রায় ১৮.৫ লাখ ইউরো। তার পরেই আছেন দুই আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজ (১৩ লাখ ৯০ হাজার ইউরো), পাউলো দিবালা (১০ লাখ ৮০ হাজার ইউরো)।
লিগ ‘আঁ’
ফ্রান্সে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে পিএসজি। লিগ আঁ’র সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে তালিকার শীর্ষে আছেন ওসমান দেম্বেলে। ব্যালন ডি’অরজয়ী ফরাসি তারকার আয় প্রায় ১৫ লাখ ইউরো। তার পরেই আছেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস (১১ লাখ ২০ হাজার ইউরো) এবং মরক্কোর আশরাফ হাকিমি (১১ লাখ ইউরো)। গত মৌসুমের তুলনায় পিএসজির মোট বেতন খরচ সামান্য বেড়েছে।
আরআই/এসএন