হিজবুল্লাহর মহাসচিবকে ফের হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
০২:৫৭ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর বর্তমান মহাসচিব নাঈম কাসেমকে ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলার জন্য তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে। তোমার ঠিকানা হবে নরকের অতল গহ্বরে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে কাটজ এই কঠোর বার্তা দেন। পাসওভার উৎসবের প্রাক্কালে ইসরাইলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার প্রেক্ষিতে তার এই মন্তব্য এলো।
হিজবুল্লাহ প্রধানকে সম্বোধন করে কাটজ বলেন, ‘সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের জন্য আমার একটি স্পষ্ট বার্তা রয়েছে- ইসরাইলিরা যখন পাসওভারের সেডার (ভোজ) পালনে ব্যস্ত, তখন তাদের লক্ষ্য করে তীব্র হামলার জন্য তোমাকে এবং তোমার সহযোগীদের খুব চড়া মূল্য দিতে হবে।’
নাঈম কাসেমের আয়ু ফুরিয়ে আসছে উল্লেখ করে কাটজ বলেন, ‘তুমি এই মূল্য দেখার জন্য বেঁচে থাকবে না। কারণ নাসরাল্লাহ, খামেনি, সিনওয়ার এবং নির্মূল হওয়া অন্যান্য সদস্যদের সঙ্গে তুমিও নরকের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে।’
সূত্র: টাইমস অব ইসরাইল
আরআই/এসএন