অনৈতিকভাবে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, দাবি ফখর জামানের
ছবি: সংগৃহীত
০৪:৪৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
বল বিকৃতি করার অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফখর জামানকে। সেই শাস্তির বিরুদ্ধে এবার আবেদন করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার। তার দাবি, অনৈতিক ভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে শাস্তি তুলে নেওয়ার অনুরোধ করেছেন ফখর। সেই আবেদনের ভিত্তিতে কবে শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর খেলতে পারবেন কি না, তা এখন অস্পষ্ট।

পিএসএলে লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগ ওঠে। জয়ের জন্য শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান। সেই ওভার শুরুর আগে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং জামান একসঙ্গে আলোচনা করছিলেন। তাদের কাছেই ছিল বল। বলটি নিয়ে তারা একে অপরকে দিচ্ছিলেন। সবাই হাতের তালুতে লুকিয়ে রাখছিলেন বল।
বিষয়টি দেখে সন্দেহ হয় ম্যাচের আম্পায়ার ফয়জুল আফ্রিদির। তিনি বলটি চেয়ে নেন। অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করেন। বল দেখে তাদের মনে হয়, সেটি বিকৃত করা হয়েছে। দুই আম্পায়ার বল পরিবর্তন করেন এবং ৫ রান জরিমানা করেন। এই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি মহানামাকে দেন দুই আম্পায়ার।
আরআই/টিকে