যুদ্ধ বন্ধ হোক: মাহাথির মোহাম্মদ
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধরত উভয় পক্ষকে আলোচনার আহ্বানও জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি সবসময়ই যুদ্ধের বিরুদ্ধে। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষ হত্যা-এটা আমি মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা, ব্যাপক প্রাণহানি। দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মেটাতে এখনও কীভাবে যুদ্ধকে গ্রহণযোগ্য সমাধান হিসেবে ধরা হয়, তা সত্যিই অবিশ্বাস্য। ‘
তিনি আরও লেখেন, ‘আরও অবাক লাগে যখন দেখি, সমস্যার সমাধানের অন্য পথও আছে-যেগুলো কম প্রাণঘাতী, কম ধ্বংসাত্মক। সেই পথগুলোর খরচও অনেক কম। ‘
‘সেই অন্য পথগুলো কী? মানুষ চিন্তা করার ক্ষমতা নিয়ে জন্মেছে। এই পথগুলোর মধ্যে রয়েছে আলোচনা, মধ্যস্থতা বা আইনের আশ্রয় নেওয়া। চিন্তা করার ক্ষমতা ব্যবহার করে মানুষ সহজেই বিভিন্ন সমাধানের ভালো-মন্দ বিচার করতে পারে।’
মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, ‘স্পষ্টভাবে বলা যায়, শান্তিপূর্ণ আলোচনাই বিরোধ মেটানোর সবচেয়ে ভালো উপায়। ‘
সবশেষে পোস্টে মাহাথির মোহাম্মদ লেখেন, ‘যুদ্ধ বন্ধ হোক।’
কেএন/এসএন