© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি নিয়ে ভোট হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে ভোট হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের সুরক্ষায় ‘প্রতিরক্ষামূলক’ সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন দিতে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার এ ভোট হবে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রস্তাবটি উত্থাপন করেছে বাহরাইন। এতে বলা হয়েছে, ইরানের হামলার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে চলমান এক মাসের মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি সরবরাহে বড় ধরনের হুমকি তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।

জাতিসংঘে বাহরাইনের রাষ্ট্রদূত জামাল আলরোয়াইয়ি বলেন, ‘আমরা অর্থনৈতিক সন্ত্রাসবাদ মেনে নিতে পারি না। এর প্রভাব শুধু আমাদের অঞ্চলে নয়, পুরো বিশ্বেই পড়ছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া প্রস্তাবটি গুরুত্বপূর্ণ সময়ে আনা হয়েছে এবং এতে একাধিকবার সংশোধন করা হয়েছে।

এএফপির দেখা ষষ্ঠ ও চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, সদস্য দেশগুলো এককভাবে বা বহুজাতিক নৌ জোট গঠন করে ‘প্রয়োজনীয় ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক সব ধরনের ব্যবস্থা’ নিতে পারবে। এ ব্যবস্থা হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় প্রযোজ্য হবে। এর লক্ষ্য আন্তর্জাতিক নৌ চলাচল নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবরোধ বা বাধা প্রতিহত করা। প্রস্তাবটি অন্তত ছয় মাস কার্যকর রাখার কথা বলা হয়েছে।

জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট বৃহস্পতিবার বলেন, মার্চে সদস্যরা হরমুজ প্রণালি অবরোধে ইরানের ভূমিকার নিন্দা জানানোর পর এখন প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নির্ধারণ করা পরিষদের দায়িত্ব।
রাশিয়া ও চীন উভয়েরই ভেটো ক্ষমতা রয়েছে। তারা প্রস্তাবটি সমর্থন করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে, এই দুই দেশের সম্ভাব্য ভেটোর কারণে প্রস্তাবটি পাস হওয়া অনিশ্চিত।

এসএস/এসএন

মন্তব্য করুন