© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্রকে ভুলে যেতে বললেন বুরকিনা ফাসোর সেনাপ্রধান

শেয়ার করুন:
গণতন্ত্রকে ভুলে যেতে বললেন বুরকিনা ফাসোর সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে বলেছেন দেশটির সামরিক জান্তা শাসক ইব্রাহিম ত্রাওরে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতা দখল করেন। এতে তিনি আগের সামরিক সরকারকেও ক্ষমতা থেকে সরিয়ে দেন।

ক্ষমতায় আসার পর থেকেই তিনি ভিন্নমত কঠোরভাবে দমন করে আসছেন।

গত বছর সামরিক সরকার দেশটির নির্বাচন কমিশন বিলুপ্ত করে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা নিয়ন্ত্রিত সংসদ সব রাজনৈতিক দল ভেঙে দেয়। তাদের সকল কার্যক্রম ২০২২ সাল থেকেই স্থগিত ছিল।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবিকে দেওয়া সাক্ষাৎকারে ত্রাওরে বলেন, ‘আমরা এখন নির্বাচন নিয়েই কথা বলছি না। মানুষকে গণতন্ত্র ভুলে যেতে হবে। গণতন্ত্র আমাদের জন্য নয়।’

২০২২ সালের জানুয়ারিতে প্রথম অভ্যুত্থানের পর দেশটিতে গণতান্ত্রিক শাসনে ফেরার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ২০২৪ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল।

তবে ওই বছর সামরিক সরকার রূপান্তরের সময় আরো পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রায় এক দশক ধরে চলা সহিংসতায় বিপর্যস্ত দেশের নেতৃত্বে আরো দীর্ঘ সময় থাকার সুযোগ পান সেনাপ্রধান ত্রাওরে।

বুরকিনা ফাসোকে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নাগরিক দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ফ্রান্সের প্রতি বিরূপ অবস্থান নেওয়া এই জান্তা সরকার বহু আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করেছে। তাদের কিছু সাংবাদিককে দেশ থেকে বহিষ্কারও করেছে।

টিজে/টিকে

মন্তব্য করুন