ব্যর্থতার দায়ে ইতালির কোচের পদত্যাগ
ছবি: সংগৃহীত
০৮:১৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ইতালিয়ান ফুটবল। ২০১৮ এবং ২০২২ সালের পর আসন্ন ২০২৬ বিশ্বকাপেও জায়গা হয়নি চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুট আউটে হেরে আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে দলটি।
গত মঙ্গলবার জেনিকায় পেনাল্টি শুটআউটে হারের পর ইতালির বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় আজ্জুরিরা। এমন হারের হারের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো।
বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের পর লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হন এসি মিলান ও রেঞ্জার্সের সাবেক মিডফিল্ডার গাত্তুসো। বাছাইপর্বের গ্রুপে নরওয়ের চেয়ে ছয় পয়েন্ট কম থাকার কারণে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে খেলতে হয় দলকে। সেখানেই বসনিয়ার কাছে হেরে একবারের আরও করুণ পরিণতির সম্মুখীন হয় ইতালি।
গাত্তুসো বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি জাতীয় দলের কোচ হিসেবে আমার অভিজ্ঞতার ইতি টানলাম। ফুটবলে নীল জার্সিটি বিশেষ। ভবিষ্যতের জন্য আমি এটিকে নতুন টেকনিক্যাল টিমের হাতে তুলে দিতে চাই। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ছিল সম্মানের, এবং আমি এমন খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি যারা সবসময় লড়াই করেছে এবং নিজেদের সর্বস্ব উজার করেছে। সবচেয়ে বড় ধন্যবাদ ভক্তদের এবং সব ইতালিয়ানকে, যারা কখনো আমাদের সমর্থন ছাড়েনি, এমনকি শেষ কয়েক মাসেও।’
টিজে/টিকে