হরমুজ প্রণালি খুলে তেল নিয়ে বিপুল সম্পদ গড়তে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:৩৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিতে পারে এবং সেখান থেকে তেল নিয়ে বিপুল সম্পদ গড়তে পারে। শুক্রবার (৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘আরও কিছু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারি, তেল নিতে পারি এবং বিপুল সম্পদ অর্জন করতে পারি। এটি বিশ্বের জন্য এক ধরনের উচ্ছ্বাসের মতো হবে।’
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে সরবরাহ হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি প্রায় বন্ধ হয়ে গেছে বলা চলে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পর্যন্ত হামলায় ইরানে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনিও রয়েছেন।
এর জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা।
সূত্র: আনাদোলু
টিজে/টিকে