নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত
১১:৪২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে তিনজন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলছে। ইরানি টিভির খবরে বলা হচ্ছে, নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান ( ৬৪ হাজার ১শ' ২ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তিনজন মার্কিন সূত্রের বরাতে সিএনএন বলছে, ভূপাতিত বিমানটির ক্রুদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 'সার্চ অ্যান্ড রেসকিউ' অভিযান চলছে।
এদিকে সিএনএনের একটি বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে বলা হয়েছে, ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রের 'এফ-১৫' যুদ্ধবিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন পাইলটদের আটক বা বন্দি হওয়া চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মার্কিন যুদ্ধবিমান—যার মডেল ‘এফ-৩৫’ বলে দাবি করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভূপাতিত হওয়ার পর দুই মার্কিন পাইলট ইরানের ভূখণ্ডে নিখোঁজ রয়েছেন।
তবে, ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, বিমানটির মডেল 'এফ-১৫', যা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণের সাথে মিলে যায়।
ইউটি/টিএ