চীনের বিপক্ষে হারের পরও প্রতিক্রিয়াহীন বাটলার
ছবি: সংগৃহীত
০৮:১৭ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ দল দুর্দান্তই খেলছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকার পর তিন গোলে হেরেছে। আজ শক্তিশালী চীনের বিরুদ্ধে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করেছে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাফুফে বাংলাদেশ দলের বৃটিশ কোচ পিটার বাটলারের কোনো প্রতিক্রিয়া দেয়নি।
আন্তর্জাতিক ম্যাচে খেলার পর কোচ কিংবা ফুটবলারের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ নিয়মিত-রীতি। এশিয়ার চূড়ান্ত পর্ব হলেও বাংলাদেশের দুই ম্যাচের কোনটিতেই সংবাদ সম্মেলন হয়নি।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলেও বাফুফে মিডিয়ার জন্য বক্তব্য প্রেরণ করে। নারী দলে ম্যাচ হারের পর কোচ বাটলার কথা বলতে চান না। অপেশাদার ও অখেলোয়াড়ীসুলভ আচরণ অব্যাহত রেখেছেন।

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ দলের মিডিয়া অফিসার বাফুফের এক্সিকিউটিভ সাঈদ হাসান। তিনি ব্যাংকক থেকে জানান, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। তাই কোচ মিডিয়ার জন্য আলাদাভাবে কথা বলতে রাজি হননি। কোচ রাজি না হলেও বাফুফের দায়িত্ব কোচের বক্তব্য সরবারহ করা। কারণ চীনের মতো গুরুত্বপুর্ণ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মিডিয়া ও ফুটবলপ্রেমীদের চাহিদা রয়েছে। ফুটবল ফেডারেশন সেই চাহিদা পূরণ না করে কোচের খেয়াল খুশি মতোই কাজ করছে।
থাইল্যান্ড ম্যাচের পর অধিনায়ক অর্পিতা বিশ্বাসের প্রতিক্রিয়া পাঠিয়েছিল ফেডারেশন। আজ চীনের ম্যাচের পর কোচ তো নয়-ই কোনো ফুটবলারেরও মন্তব্যও দেয়নি। অথচ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী ছিল। আগামীকাল অনুশীলনের পর হয়তো কোচিং স্টাফের কাউকে কিংবা ফুটবলারের মন্তব্য প্রেরণ করবে। যা অতি বিলম্ব।
এমআই/টিকে