রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’ : আরবেলোয়া
ছবি: সংগৃহীত
০৯:২০ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া যখন সংবাদ সম্মেলনে, তখনো বার্সেলোনা মাঠে নামেনি। দুই দলের মধ্যে তখন ব্যবধান চার পয়েন্টের ছিল। ঘণ্টাখানেক পরে বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেই দূরত্ব বাড়িয়েছে ৭ পয়েন্টে। শিরোপার আশায় বড় ধাক্কা খাওয়ার পর হারের জন্য দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিলেন কোচ।
মানু মোরলানেস মায়োর্কাকে এগিয়ে দেন প্রথমার্ধে। বদলি নামা এদার মিলিতাও ৮৮তম মিনিটে সমতা ফেরান। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভেদাত মুরিকির গোলে হার দেখতে হয়েছে মাদ্রিদ ক্লাবকে।
ম্যাচ শেষে আরবেলোয়া বললেন, ‘এই হার আমার, পুরোপুরি আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমি যেটা চাই, তারা যেন এখনই মঙ্গলবারের (বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ) ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নিই। এই হারের দায় সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচের... তারা যখন লকার রুম ছাড়বে, তাদের ভাবনায় যেন শুধু বায়ার্ন মিউনিখই থাকে।’
সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচটি জয়ে মায়োর্কার মাঠে নেমেছিল রিয়াল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে বিদায় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ও রয়েছে। কিন্তু এই হারে শিরোপার লড়াই যে আরও কঠিন হয়ে পড়ল স্বীকার করেছেন আরবেলোয়া।
তিনি বলেন, ‘(শিরোপার লড়াই) ম্যাচ শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে পড়েছে। আমাদের আরও আটটি ম্যাচ বাকি আছে, আর লিগের পয়েন্ট টেবিলের অবস্থা যাই হোক না কেন-যেমনটা আমি খেলোয়াড়দের বলেছি-আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জেতা। আজ আমরা যেমন খেলেছি, আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে।’
আরআই/টিকে