নাইজেরিয়ার গ্রামে বড় হামলা, ১৫০ জনের বেশি মানুষকে অপহরণ
ছবি: সংগৃহীত
১০:৩৫ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যে বড় ধরনের হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশ এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ের বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, বুক্কুইয়ুম এলাকার কুরফা দানিয়া ও কুরফান মাগাজি গ্রামে বৃহস্পতিবার হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। এক স্থানীয় কর্মকর্তা জানান, প্রথমে তারা যানবাহন ও ঘরবাড়িতে গুলি ছোড়ে। এরপর পুরো গ্রামজুড়ে তাণ্ডব চালায় তারা।
স্থানীয় কাউন্সিল চেয়ারম্যান উমর আবুবকর ফারু রয়টার্সকে বলেন, ১৫০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি জানান, অপহৃতদের নিকটস্থ বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এতে আতঙ্কে অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। গ্রামগুলো অনেকটা জনশূন্য হয়ে পড়েছে।
জামফারা রাজ্যের পুলিশ হামলার ঘটনা নিশ্চিত করেছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। পুলিশ এক বিবৃতিতে জানায়, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে হামলাকারীদের পিছু নিয়েছে।
পুলিশ আরও জানায়, আশপাশের এলাকায় পালিয়ে যাওয়া কিছু মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই দস্যুদের তৎপরতা চলছে। প্রায়ই মুক্তিপণের জন্য গণঅপহরণ ও গ্রামে হামলার ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীগুলো বড় বড় বনাঞ্চলে ঘাঁটি গড়ে অবস্থান করছে।
আরআই/টিকে