ফিলাডেলফিয়া ইউনিয়নের ফেসবুক পেজে বাংলাদেশের সাফ জয়ের মুহূর্ত
ছবি: সংগৃহীত
১০:৪৯ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের সাফ অনূর্ধ্ব- ২০ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে সেই জয়ের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, রোনান সুলিভানের পানেনকা।
ফাইনালে গোলশূন্য নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব- ২০ শিরোপা জেতে বাংলাদেশ। তবে মাঠের এই রোমাঞ্চকর জয় নতুন মাত্রা পায় সামাজিক যোগাযোগমাধ্যমে, যখন ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচজয়ী মুহূর্তটি প্রকাশ করে।
পোস্টটিতে দেখা যায়, টাইব্রেকারের শেষ শটে রোনান সুলিভান দারুণ এক পানেনকা করে বল জালে জড়াচ্ছেন, যা নিশ্চিত করে বাংলাদেশের শিরোপা জয়। ভিডিওটির সঙ্গে ক্লাবটি লিখেছে অভিনন্দন বার্তা, যেখানে তারা রোনান ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা জানায়।

মূলত ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির খেলোয়াড় হওয়ায় রোনান সুলিভানকে নিয়ে এমন পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। পোস্টে বিশেষভাবে উল্লেখ করা হয় রোনানের দুই ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভানকে, যারা ক্লাবটির মূল দলে খেলেন। একই সঙ্গে ট্যাগ করা হয় আরেক ভাই ডেক্লান সুলিভানকে, যিনি রোনানের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দলের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
একটি বিদেশি ক্লাবের অফিসিয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশের এমন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা নিঃসন্দেহে বড় স্বীকৃতি। এটি প্রমাণ করে, দেশের বয়সভিত্তিক ফুটবলের সাফল্য এখন আন্তর্জাতিক পর্যায়েও নজর কাড়ছে। বাংলাদেশের জয়ের সেই শেষ শট, পানেনকার নিখুঁত শিল্প, এখন শুধু মাঠেই নয়, বিশ্বজুড়ে ফুটবলভক্তদের টাইমলাইনেও জায়গা করে নিয়েছে।
জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও রোনান ও ডেক্লান বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন মূলত তার নানির সূত্র ধরে। তাদের নানি ৮৬ বছর বয়সী সুলতানা আলম বাংলাদেশি। সে সূত্র ধরে এ দুই বাংলাদেশি বংশোদ্ভূত লাল-সবুজ জার্সি পরে মাঠ মাতাচ্ছেন। তাদের বড় ভাই কুইন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন। সবচেয়ে ছোট ও প্রতিভাবান কাভানও সে পথেই রয়েছেন।
এসকে/টিকে