চীনে শিশুদের জন্য বিভ্রান্তিকর সেবা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
১১:২৬ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর “ডিজিটাল মানব” (ভার্চুয়াল মানুষ) নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা জারি করেছে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। এতে শিশুদের জন্য বিভ্রান্তিকর বা আসক্তিমূলক সেবা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য “ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক” ধরনের সেবা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। এছাড়া এমন কোনো কনটেন্ট বা সেবা চালু রাখা যাবে না যা শিশুদের বিভ্রান্ত করতে পারে বা তাদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, কারও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তার অনুমতি ছাড়া ডিজিটাল মানব তৈরি করা যাবে না। একইসঙ্গে ভার্চুয়াল চরিত্র ব্যবহার করে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া ফাঁকি দেওয়ার চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ করা হবে।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে চীন। খসড়া বিধিতে বলা হয়েছে, ডিজিটাল মানবের মাধ্যমে এমন কোনো কনটেন্ট ছড়ানো যাবে না যা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেয়, বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করে বা জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যৌন ইঙ্গিতপূর্ণ, সহিংস বা বৈষম্যমূলক কনটেন্ট প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। এমনকি কোনো ব্যবহারকারীর মধ্যে আত্মহানি বা আত্মহত্যার প্রবণতা দেখা দিলে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও নির্দেশনা রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ জোরদার করছে বেইজিং। সম্প্রতি ঘোষিত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় প্রযুক্তি খাতে এআই ব্যবহারের বিস্তারের ওপর জোর দেওয়া হলেও, একই সঙ্গে তা “নিরাপদ ও নিয়ন্ত্রিত” রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চীনা কর্তৃপক্ষ বলছে, ডিজিটাল মানব খাতের দ্রুত বিকাশের ফলে নীতিগত শূন্যতা তৈরি হয়েছে। নতুন এই নীতিমালা সেই শূন্যতা পূরণ করে শিল্পের “স্বাস্থ্যকর বিকাশ” নিশ্চিত করবে। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, “ডিজিটাল ভার্চুয়াল মানবের শাসন এখন শুধু শিল্পের নিয়ম নয়; এটি সাইবার নিরাপত্তা, জনস্বার্থ এবং ডিজিটাল অর্থনীতির টেকসই উন্নয়নের সঙ্গে জড়িত একটি কৌশলগত বিষয়।”
উল্লেখ্য, খসড়া নীতিমালাটি আগামী ৬ মে পর্যন্ত জনমতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এরপর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হতে পারে।