ইরান যুদ্ধের ছবি প্রকাশ না করতে মার্কিন স্যাটেলাইট কোম্পানিকে অনুরোধ ট্রাম্প প্রশাসনের
ছবি: সংগৃহীত
০৫:০১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্যাটেলাইট ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্যাটেলাইট ইমেজিং কোম্পানি ‘প্ল্যানেট ল্যাবস’।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
শনিবার গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন কোম্পানিটি। বেশ কিছু গণমাধ্যম তাদের বরাতে বলেছে, স্যাটেলাইট চিত্র প্রদানকারীদের অনির্দিষ্ট সময়ের জন্য ছবি প্রকাশ স্থগিত রাখতে বলেছে মার্কিন প্রশাসন।
মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্ল্যানেট ল্যাবস গত মাসে ওই অঞ্চলের স্যাটেলাইট ছবি প্রকাশের ওপর ১৪ দিন বিলম্বের সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ, কোনও ছবি তোলার ১৪ দিন পর সে ছবি প্রকাশ করা হবে। এর আগে প্রাথমিকভাবে ৯৬ ঘণ্টার বিলম্ব আরোপ করেছিল কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো প্রতিপক্ষকে এসব চিত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালানো থেকে বিরত রাখা। প্ল্যানেট ল্যাবস বলেছে, তারা গত ৯ মার্চ থেকে তোলা কোনও ছবি আর প্রকাশ করবে না। তারা আশা করছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা এ সিদ্ধান্ত বহাল রাখতে পারবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সাবেক এক বিজ্ঞানী ২০১০ সালে প্ল্যানেট ল্যাবস প্রতিষ্ঠা করেন। প্ল্যানেট ল্যাবস তাদের গ্রাহকদের কাছে পাঠানো ই–মেইলে বলেছে, তারা ছবি ‘নিয়ন্ত্রিত বিতরণব্যবস্থায়’ যাবে, যাতে ছবিগুলো থেকে কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়।
নতুন ব্যবস্থায় প্ল্যানেট ল্যাবস প্রতিটি ছবির বেলায় সেটি কতটা জরুরি, কেমন অভিযান বা কতটা গুরুত্বপূর্ণ অথবা জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সেগুলো প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ক্যালিফোর্নিয়া–ভিত্তিক কোম্পানিটি আরও বলেছে, “এ রকম বিশেষ পরিস্থিতিতে, আমাদের সব অংশীদারের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব, আমরা তার সবই করছি।”
তবে মহাকাশ বিশেষজ্ঞের মতে, এ ধরনের পদক্ষেপ ইরানকে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের ছবি প্রাপ্তি থেকে বিরত রাখতে পারবে না। তেহরান মার্কিন শত্রু দেশগুলোরে মাধ্যমে এসব ছবি পেতে পারে।
সূত্র: আল-জাজিরা
এমআর/এসএন