পাকিস্তানের ‘গজব লিল-হক’: আফগানিস্তানে ৪০ দিনে প্রাণ গেল ৭৯৬ সেনার
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
আফগানিস্তানে পাক সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেনা অভিযান অপারেশন গজব লিল-হকের জেরে গত ৪০ দিনে দেশটিতে নিহত হয়েছে ৭৯৬ জন এবং আহত হয়েছে ১ হাজার ৪৩ জনেরও বেশি তালেবান সেনা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তারার বলেছেন, “অপারেশন গজব লিল-হক শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়সীমায় আফগানিস্তানে নিহত হয়েছে ৭৯৬ জন তালেবান সেনা, আহত হয়েছে ১ হাজার ৩৯ জনেরও বেশি জন।
এক্সবার্তায় তারার আরও জানান, অপারেশনের শুরু থেকে এ পর্যন্ত তালেবান সেনবাহিনীর ২৮৬টি ছাউনি ধ্বংস করা হয়েছে এবং ৪৪টি ছাউনি পাকিস্তানি সেনাদের দখলে এসেছে।
এছাড়া এই সময়সীমায় আফগান সেনাবাহীনির ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
র্বশেষ গত ২ এবং ৩ এপ্রিল পাক-আফগান সীমান্তে সম্মুখ যুদ্ধে ৩৭ জন তালেবান যোদ্ধাকে পাক সেনারা ‘নরকে পাঠিয়েছে’ বলে এক্সবাতায় জানিয়েছেন তারার।
উল্লেখ্য, তালেবানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে নিয়ে গত বেশ কয়েক বছর ধরে তিক্ততা চলছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। ব্যাপক সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য কয়েক বছর আগে টিটিপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের অভিযোগ- আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয়, গোলাবারুদ, অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করছে। তালেবান সরকার অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
টিটিপি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম তিক্ততার মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হন ৮০ জনেরও বেশি মানুষ। সংক্ষিপ্ত সেই অভিযানের পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছিল এবং যারা নিহত হয়েছে- তারা সবাই টিটিপির যোদ্ধা।
তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা দাবি জানায়-জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। তার পরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, “এর বদলা আমরা নেবো।”
তারপর ২৬ ফেব্রুয়ারি রাতে রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইনে অবস্থিত পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে আফগান সেনারা। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, “আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার তাদের (পাকিস্তানি সেনাবাহিনী) আমরা নরকে পাঠাব।”
সীমান্ত এলকায় হামলার কয়েক ঘণ্টার মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভোর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান, যা এখনও চলছে।
সূত্র : জিও নিউজ
এমআর/টিকে