মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আলোচনায় জোর কাতারের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০২:৫৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সামরিক তৎপরতার পরিবর্তে শান্তিপূর্ণ পন্থায় সমাধানের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তার ভয়াবহ প্রভাব ও গুরুতর পরিণতি দেখা দিতে পারে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারসহ এ অঞ্চলের অন্যান্য দেশের ওপর ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন’ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। আলাপকালে কাতারের প্রধানমন্ত্রী বর্তমান সংকট নিয়ন্ত্রণে যৌক্তিক ও বিচক্ষণ পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত আলোচনার টেবিলে ফেরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই সংকটময় মুহূর্তে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি উত্তেজনা হ্রাস, বেসামরিক অবকাঠামো রক্ষা এবং জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উভয় নেতা মনে করেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
সূত্র: আল জাজিরা
এমআর/টিকে