এবার কুদ্স ফোর্সের আন্ডারকাভার প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত বিদেশি শাখা কুদ্স ফোর্সের আন্ডারকাভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোহানি ইরানি এই সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইরান।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি শাখা কুদ্স ফোর্সের নেতা আসগর বাকেরিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোহানি বলেন, বাকেরি ইসরায়েল ও আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করার পাশাপাশি ইসরায়েল, সিরিয়া এবং লেবাননে বিভিন্ন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদ্স ফোর্স বিদেশে অপ্রচলিত যুদ্ধ এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিদেশের বিভিন্ন গোষ্ঠীকে প্রশিক্ষণ, অর্থায়ন এবং সহায়তা প্রদান করে এই বাহিনী।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর নতুন সরকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি আইআরজিসি গঠন করেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, আইআরজিসির সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার। এই বাহিনীর কুদ্স ফোর্স বছরের পর বছর ধরে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, আফগানিস্তানের শিয়া এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।
এর আগে সোমবার তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হন। খাদেমি ২০২৫ সালে আইআরজিসির জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি গার্ডস ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদে আসীন ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত ইরানি শীর্ষ নেতা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের দীর্ঘ তালিকায় যুক্ত হলেন বাকেরি ও খাদেমি। এই তালিকায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সাবেক গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও রয়েছেন।
যুদ্ধের ৩৮তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলায় তেহরানে ২৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার ইরানের ‘সাউথ পার্স’ গ্যাস ক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। এই হামলার জবাবে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় আরব প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানও।
সূত্র: এপি, রয়টার্স।
এবি/টিএ